
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার মালিকানাধীন প্রাডো গাড়িতে করে লংড্রাইভে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পদ দখলের কথা বলতেন। তার মতে, গতকালের ঘটনায় সেই বক্তব্যের কিছুটা প্রতিফলন দেখা গেছে।
রাশেদ খাঁনের ভাষ্য, ‘গতকাল আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি করে লংড্রাইভ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই গাড়িটি আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে উপহার হিসেবে দেওয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের মানসিকতা থেকে গাড়িটি দখল করা হয়েছে-তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, গতকালের লংমার্চের ‘পিকনিক’ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা গণহত্যার বিচারের দাবিতে কেন কোনো বক্তব্য দেওয়া হয়নি, সেটিও বোঝার চেষ্টা করা প্রয়োজন।
তার দাবি, লংমার্চের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ডিসেম্বর মাসে দেশে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করা। এ লক্ষ্যেই উসকানিমূলক স্লোগান দেওয়া এবং বহরে লাঠিসোঁটা নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, বিএনপি কিংবা দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের ‘পাতানো ফাঁদে’ পা দেয়নি।
শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে এনসিপি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয় কি না, সেটিও দেখার বিষয় বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
তবে রাশেদ খাঁনের পোস্টে করা এসব অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন