
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির পদক্ষেপবিষয়ক সম্মেলনের (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য চলাকালে ওয়াকআউট করেছে বাংলাদেশ প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট বক্তব্য শুরু করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরা সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
বাকু থেকে পাওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও ওয়াকআউটে অংশ নেন। ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে প্রতিবাদ জানাতে তারা সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা এবং পারস্পরিক আস্থা জোরদারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনার লক্ষ্যে আজারবাইজানের রাজধানী বাকুতে সিকার সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা।
মন্তব্য করুন