
সৌদি আরবের পবিত্র নগরী মদিনা অঞ্চলকে লক্ষ্য করে বৃহস্পতিবার কোনো সামরিক হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। এর আগে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, মদিনা অঞ্চলের একটি লক্ষ্যবস্তুর দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইয়েমেনের রাজধানী সানা থেকে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে কোনো সামরিক অভিযান পরিচালনা করেনি।
মদিনা অঞ্চলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সৌদি আরবের দাবিকে ‘নির্লজ্জ ও নির্দ্বিধায় বলা মিথ্যা’ বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটির পবিত্র নগরী মদিনা অঞ্চলের একটি লক্ষ্যবস্তুর দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন