
রাঙামাটির সাজেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা সড়ক অবরোধ আগামী সোমবার ও মঙ্গলবারের জন্য প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ শুরুর প্রায় ১১ ঘণ্টা পর রোববার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠন দুটির নেতারা।

এরপর সাজেক-বাঘাইহাট সড়কের উজোবাজার এলাকা থেকে পিকেটাররা সরে গেলে অবরোধের কারণে আটকে পড়া পর্যটকেরা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে ফিরতে শুরু করেন।
রোববার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি থেকে পর্যটকেরা সাজেকে পৌঁছান। তবে সকাল ৬টা থেকে সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাজেক ভ্রমণে আসা পর্যটকেরা।
সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় সংগঠন দুটি। অবরোধ চলাকালে বাঘাইহাট-সাজেক সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালানো এবং গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশ থেকে সাজেক এলাকা থেকে জেএসএসের সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় সড়ক অবরোধের কর্মসূচি পালন করে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।
মন্তব্য করুন