
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বরপা-আড়িয়াবো এলাকায় অবস্থিত প্রিমিয়ার রি-রোলিং স্টিল মিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন-সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধদের সহকর্মী নাবিল তালুকদার জানান, রাতে কারখানার কাজ শেষ করে বাসার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরই তিনি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। পেছনে ফিরে তাকিয়ে দেখেন, লোহা গলানোর বাট্টি বিস্ফোরিত হয়ে চারদিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েকজন শ্রমিককে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
নাবিলের ধারণা, লোহা গলানোর বাট্টি বিস্ফোরণের পর গলিত লোহা নিচে পড়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে চারজন শ্রমিককে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
তিনি জানান, সাজিব সরকারের শরীরের ৭০ শতাংশ, রুবেল আহমেদের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার আরও বলেন, সাজিবের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজনেরও প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলছে।
মন্তব্য করুন