
আগের দিন ককটেলসহ আটক ২, পুলিশের ফাঁকা গুলিতে ছত্রভঙ্গ মিছিল
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-৩ নম্বর সড়কের কেএফসি গলিতে নিষিদ্ধ সংগঠনটির মিছিল থেকে ককটেলসহ দুজনকে আটক করা হয়। তারা হলেন মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, শুক্রবার গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির প্রায় ১৫০ থেকে ২০০ সদস্য জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন।
এ সময় নিকেতন এলাকায় দায়িত্ব পালনরত পুলিশের এক উপপরিদর্শক (এসআই) তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। যাওয়ার সময় তারা সেখানে পাঁচটি তাজা ককটেল ফেলে যান। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।
ওসি দাউদ হোসেন জানান, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শুক্রবারের ঘটনার পরদিন মিছিলে অংশ নেওয়া আরও ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য জানাল ডিএমপি।
মন্তব্য করুন