
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকার প্রধান রেলগেটে লাইনচ্যুত হয়।
বগিটি লাইনচ্যুত হওয়ার পর যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ কারণে ওই রুটে চলাচলকারী ট্রেনগুলোকে বিভিন্ন স্থানে সাময়িকভাবে থামিয়ে রাখা হয়েছে।
সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, লাইনচ্যুত হওয়া মালবাহী বগিটি আপাতত ঘটনাস্থলে রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আপাতত পড়ে যাওয়া মালবাহী বগিটি রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। পরবর্তীতে উদ্ধার কাজ করা হবে।
মন্তব্য করুন