
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ধুনটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কিত ওই শিক্ষক মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ধুনট থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান খোকন মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাঁর ফোনে কল আসে। কলদাতা নিজেকে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।
ফোনে ওই ব্যক্তি শিক্ষককে জানান, তাঁর ছেলে শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ৩০ পিস ইয়াবাসহ আটক হয়েছেন। তাঁর ছেলের কাছে ইয়াবা পাওয়া না গেলেও মাদক ব্যবসায়ীদের সঙ্গে থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধেও মামলা করা হবে বলে ভয় দেখানো হয়।
একপর্যায়ে মামলা থেকে ছেলেকে রক্ষা করতে ৩০ হাজার টাকা দাবি করেন ওই ব্যক্তি। টাকা দিলে কোনো মামলা দেওয়া হবে না বলেও জানানো হয়।
কথোপকথনের একপর্যায়ে শিক্ষক আতিকুর রহমান বিষয়টি মোবাইলে রেকর্ড করার চেষ্টা করলে অপর প্রান্তের ব্যক্তি ফোন কেটে দেন। পরে ওই নম্বরে একাধিকবার কল করেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে বিষয়টি থানায় জানান ওই শিক্ষক। পরে ধুনট থানায় সাধারণ ডায়রি করেন তিনি।
ধুনট থানার ডিউটি অফিসার এএসআই দীপিকা দাস বলেন, শিক্ষকের অভিযোগটি সাধারণ ডায়রি হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন