
মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে নতুন করে দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে। পর্যায়ক্রমে এই কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করে ছয় মাসের মধ্যে তা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। মালয়েশিয়ার হাইকমিশনার জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়াটি শেষ করা হবে।
দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে মোট দুই লাখ বাংলাদেশি কর্মী দেশটিতে যাবেন।
এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় পাশে থাকা প্রতিনিধি বিষয়টিকে ‘জিরো কস্ট’ হিসেবে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি জনশক্তি রয়েছে। নতুন করে আরও বাংলাদেশি কর্মী পাঠানোর পাশাপাশি দেশটিতে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।
তিনি বলেন, কর্মী পাঠানোর পাশাপাশি মালয়েশিয়ায় থাকা অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন