
রাজধানীতে ছিনতাইকারীদের টানে রাস্তায় পড়ে প্রাণ হারিয়েছেন এক নারী শিক্ষিকা। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নি*হ*ত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে তার যাওয়ার কথা ছিল। ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছানোর পর তিনি রিকশায় করে হাসপাতালের উদ্দেশে রওনা হন।
রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তার ব্যাগ ধরে টান দেয়। আকস্মিক টানে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান রনজিনা। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
ঘটনার পর নি*হ*তের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন