
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা আগুন দীর্ঘ সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণভাবে নিভিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান শিকদার বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এসি মসজিদসংলগ্ন মার্কেটটিতে অগ্নিকাণ্ডের খবর পায় সংস্থাটি। খবর পাওয়ার ২০ মিনিট পর, বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় পর্যায়ক্রমে বাড়ানো হয় ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা। শেষ পর্যন্ত ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের ষষ্ঠ তলায় বিভিন্ন ধরনের পণ্যের গুদাম ছিল। গুদামগুলোর দরজা ও শাটার তালাবদ্ধ থাকায় আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। পরে তালা ও শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে আগুনের উৎস শনাক্ত এবং বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন কর্মীরা।
এ ছাড়া অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করাও ফায়ার সার্ভিসের সদস্যদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পানির সীমিত উৎস এবং সড়ক সরু হওয়ায় পানিবাহী গাড়ি নিয়ে কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হয় তাঁদের।
দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর পাশাপাশি ভবনের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অবশেষে বুধবার সকালে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
মন্তব্য করুন