
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের কলঙ্ক বিএনপি নেবে না।

বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের সরকার। আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যা প্রয়োজন, তাই করা হবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন, তাই করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।’
তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় নির্বাচনগুলো শুরু হবে এবং ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ হবে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুকদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার সহযোগিতা করবে।
বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘বিরোধীদল যে কোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে-এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সেটা সঠিক হোক বা সঠিক না হোক, বিরোধীদলের দায়িত্ব হলো যে কোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপানো এবং বলা যে সরকার এই জায়গায় ব্যর্থ। আমরা কোথায় ব্যর্থ, সেটা জনগণ বিবেচনা করবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন। বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে সংকট কিছুটা কমেছে। তবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধানের জন্য আরও কিছু সময় প্রয়োজন বলে জানান তিনি।
এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন