
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্তের পাশাপাশি কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, কন্যাশিশুর শিক্ষা কোনো দয়া নয়, বরং এটি তার মৌলিক অধিকার। একইভাবে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা সবার পবিত্র দায়িত্ব।
কন্যাশিশুর জন্মকে নতুন স্বপ্ন, ভবিষ্যতের সম্ভাবনা এবং একজন গর্বিত নাগরিকের আগমন হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এক ডানায় ভর করে যেমন কোনো পাখি উড়তে পারে না, তেমনই নারী ও কন্যাশিশুকে পিছিয়ে রেখে কোনো সমাজ বা জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।’
চলতি বছরের প্রতিপাদ্য ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ তুলে ধরে তিনি বলেন, বাল্যবিয়ে একটি শিশুর শৈশব থামিয়ে দেয় এবং তার সম্ভাবনাকে নষ্ট করে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে কার্যকর করা হবে।
যেকোনো বিপদে দ্রুত সহায়তা পেতে ১০৯, ১০৯৮ ও ৯৯৯ নম্বরের হেল্পলাইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন রাষ্ট্রপতি।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কন্যাশিশুকে বোঝা মনে না করে তাদের শিক্ষা, বিকাশ ও কল্যাণে বিনিয়োগ করতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেন স্বাবলম্বী হওয়ার সক্ষমতা অর্জন করতে পারে, সে সুযোগ নিশ্চিত করা জরুরি।
এ সময় পবিত্র কুরআনসহ বিভিন্ন ধর্মের নৈতিক শিক্ষার আলোকে কন্যাশিশুর প্রতি অবহেলা দূর করা এবং সমাজের প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান তিনি।
কন্যাশিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘নিজের অধিকার সম্পর্কে সচেতন হও, শিক্ষাকে আঁকড়ে ধরো এবং দক্ষতা অর্জন করো। অন্যায় ও নির্যাতনের শিকার হলে নীরব না থেকে বিশ্বস্ত অভিভাবক, শিক্ষক বা হেল্পলাইনের সহায়তা নাও।’
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সচিব এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন