
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯তলায় শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপের দেখা মিলেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখতে পান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ওই তলাতেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক গণমাধ্যমকে বলেন, ‘করিডোরে সাপের বিষয়টি শুনেছি। সত্য ঘটনা।’
মন্ত্রণালয়ের প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশের পর করিডোরে দুটি সাপ দেখতে পান তারা। কিছুক্ষণ পর সেখানে আরও একটি সাপের উপস্থিতি লক্ষ্য করা যায়। সাপগুলো করিডোরে ছোটাছুটি করায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলোর প্রজাতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সচিবালয়ের ১৯তলার মতো উঁচু ভবনের করিডোরে একসঙ্গে তিনটি সাপের উপস্থিতিতে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আশঙ্কা, ভবনের ভেতরের কোনো স্টোরেজ বা অন্য কোথাও আরও সাপ থাকতে পারে। এ ঘটনায় অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
মন্তব্য করুন