
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিশেষ শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
এর আগে সকালে মামলায় গ্রেপ্তার হওয়া ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ ছাড়া গ্রেপ্তার থাকা আরও দুই আসামিসহ মোট ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন কারাগারে থাকা ১১ আসামির মধ্যে ডা. দীপু মনিসহ ৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এবং পরবর্তী শুনানির জন্য ১৬ আগস্ট দিন নির্ধারণ করেন। সেই ধারাবাহিকতায় রোববার মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।
শাপলা চত্বরের ওই ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
মন্তব্য করুন