
মাঠ প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ, দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক করতে বিদ্যমান নীতি ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নাগরিকসেবা সহজীকরণ ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
সংসদ সদস্য মো. নূরুল ইসলাম জানতে চান, মাঠ প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারের বিদ্যমান নীতিমালায় কোনো সংস্কার বা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে সেবা সহজীকরণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, কর্মসম্পাদন পরিবীক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, পরিদর্শন ও তদারকি, গণশুনানি, তথ্য অধিকার আইন বাস্তবায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, এসব কার্যক্রমের অংশ হিসেবে ২০২৬ সালে সেবা সহজীকরণ নির্দেশিকা ২০২৬, ‘সরকারি দপ্তরের ওয়েবসাইট নির্দেশিকা, ২০২৬’ এবং ‘জেলা প্রশাসকদের কার্যক্রম মূল্যায়ন নির্দেশিকা’ প্রণয়ন করা হয়েছে।
এ ছাড়া প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তিনির্ভরতা বাড়াতে ডি-নথি, আইবাস, ই-নামজারি, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, ই-জিপি, অনলাইন জিডি, ই-রিটার্ন, ই-পর্চা এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হেল্পলাইন নম্বর ৯৯৯ ও ৩৩৩-সহ নানা সেবাও চালু রয়েছে।
সরকারি কর্মসম্পাদনের আরও কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়নের জন্য গভর্নমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (জিপিএমএস) চালু করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে।
মাঠ প্রশাসনের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রতি মাসে মন্ত্রিপরিষদ বিভাগ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে অনলাইনে সভা অনুষ্ঠিত হয় বলেও সংসদকে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে মাঠ প্রশাসনকে আরও জনবান্ধব ও নাগরিককেন্দ্রিক করার লক্ষ্যে সেবা প্রদানের প্রক্রিয়া আরও সহজ করা হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভরতা বৃদ্ধি, কার্যক্রমে স্বচ্ছতা ও তথ্যপ্রকাশ, অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং কর্মসম্পাদনের ফলাফলভিত্তিক পরিবীক্ষণ জোরদার করা হবে।
তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে বিদ্যমান নীতি ও ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কার্যক্রম অব্যাহত থাকবে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বুধবার বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।
মন্তব্য করুন