
মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। ঘটনার সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে মো. ইমরান হোসেনের সঙ্গে নাঈমুজ্জামান নয়নের কথা কাটাকাটি হয়। ইমরান হোসেন মাগুরা পুলিশ লাইন্সে কর্মরত।
একপর্যায়ে প্রকাশ্যে ভিডিও ধারণের মধ্যেই পুলিশ সদস্য ইমরানকে থাপ্পড় মারেন নয়ন। পরে থাপ্পড় মারার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ওসি আব্দুল আল মামুন জানান, ঘটনার পর শুক্রবার রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ কয়েকজন নেতা সদর থানায় উপস্থিত হন। তারা বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে সমাধানের উদ্যোগ নেন। পরে নাঈমুজ্জামান নয়ন পুলিশ সদস্য ইমরানের কাছে ক্ষমা চাইলে বিষয়টি মীমাংসা করা হয়।
তবে প্রকাশ্যে একজন পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ঘটনায় পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে এর আগে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন