
জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনের টাই-ইন কাজের কারণে বগুড়ায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
পিজিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়া শহর নেটওয়ার্কে নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর ফলে বগুড়া শহর ও আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সংকটে পড়বেন। এর মধ্যে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের পাশাপাশি শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনও রয়েছে।
পিজিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।
মন্তব্য করুন