
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষাটি শুরু হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর মাত্র কয়েক মিনিট আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সারা দেশ থেকে ঢাকায় পরীক্ষা দিতে আসা তিন লাখের বেশি চাকরিপ্রার্থী।
পরীক্ষা স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। মিরপুর বাংলা কলেজের সামনে সড়ক অবরোধের পাশাপাশি মতিঝিল, শাহবাগ ও মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর কয়েকটি এলাকায় সড়কে অবস্থান নেন তাঁরা। এতে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিক্ষোভের পর পাঁচ দফা দাবি জানিয়ে সড়ক থেকে সরে যান পরীক্ষার্থীরা। এ সময় তাঁদের একটি দল মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে অবস্থান নেন। অধিদপ্তরের ভেতরে প্রবেশের বিষয়ে পুলিশের সঙ্গে কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে তিন সদস্যের একটি প্রতিনিধিদল কার্যালয়ের ভেতরে প্রবেশ করলেও সেখানে কোনো কর্মকর্তার দেখা পাননি বলে জানা গেছে।
পরীক্ষার্থীরা তাঁদের দাবির মধ্যে ক্ষতিপূরণ প্রদান এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, পরীক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পরে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিত পরীক্ষার নতুন তারিখ ১৬ অক্টোবর নির্ধারণের কথা জানায় যুব উন্নয়ন অধিদপ্তর।
অন্যদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন