
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমের বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তালহা বিন জসিম জানান, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর দিকে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
বর্তমানে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত আগুনে কোনো ব্যক্তি আহত বা ভবনের ভেতরে আটকে পড়ার খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। একই সঙ্গে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন