
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বেলা সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে সেখান থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
মিছিল শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ছাড়া আওয়ামী লীগের একটি ব্যানারও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
মন্তব্য করুন