
গত ছয় মাসে বিএনপি সরকারের উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তার দাবি, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মতো আর কোনো সাফল্য নাই।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সূচনাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বীরবিক্রম এবং খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করা দলের কার্যক্রমে এরই মধ্যে মানুষ হতাশ হতে শুরু করেছে।
তিনি প্রশ্ন তোলেন, যারা গণভোটের রায় মানে না, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়েও দাম বাড়ায় এবং দলীয়করণ করবে না বলে ব্যাপকভাবে দলীয়করণ করে, তাদের ওপর জনগণ কীভাবে আস্থা রাখবে?
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, বিএনপিকে ভোট দিয়ে এখন মানুষ আফসোস করছে। অসহনীয় লোডশেডিং ও ‘ভৌতিক’ বিদ্যুৎ বিল নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ কারণে অনেকে রাগে-ক্ষোভে গালি দিতেও দ্বিধা করছে না বলেও মন্তব্য করেন তিনি।
মঞ্জু জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরনো রাজনৈতিক সংস্কৃতি এবং গালিগালাজের সংস্কৃতি-দুটিই পরিহার করার আহ্বান জানান।
সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম খালিদ, আলতাফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লা টুটুল, শ্যাডো কমিটি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক সেলিম খান এবং ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক আব্দুল হালিম খোকনসহ অন্যরা।
মন্তব্য করুন