
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করতে আজ শনিবার (১৭ অক্টোবর) সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত খোলা রাখা হয়েছে। এর পরিবর্তে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। ছুটির সময়সূচি সমন্বয়ের অংশ হিসেবে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। তবে ২২ অক্টোবর আগে কর্মদিবস থাকলেও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন। এ ছুটির সুবিধা নিশ্চিত করতেই আজ শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন