
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে এক ব্যক্তির হট্টগোল ও অসৌজন্যমূলক আচরণের ঘটনার পর তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে আলোচনা চলছে। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন এবং ওই ঘটনার কোনো প্রভাব তার ওপর পড়েনি বলে জানিয়েছেন সফরসঙ্গী লামিয়া মোর্শেদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে লামিয়া মোর্শেদ লেখেন, জেএফকে বিমানবন্দরে ওই ব্যক্তিদের আক্রমণাত্মক আচরণের কয়েক মিনিট আগেই তিনি ছবিগুলো তুলেছিলেন। পুরো যাত্রাপথে তারা ভালোবাসা ও সম্মান পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, অধ্যাপক ইউনূস একদম ভালো আছেন এবং এ ঘটনায় তার ওপর কোনো প্রভাব পড়েনি। পাশাপাশি সমর্থন জানিয়ে বার্তা পাঠানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের কারণ জানতে চেয়ে বারবার প্রশ্ন করতে দেখা যায়। ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’
নিউইয়র্ক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় সরকার আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি ঘটনাটিকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, এ বিষয়ে সরকার আইনগত ব্যবস্থা নেবে। তার মতে, প্রতিশোধ নেওয়া নয়, ন্যায়বিচার নিশ্চিত করতেই শেখ হাসিনাকে দেশে ফেরত চায় ঢাকা।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, পুনর্মিলন বা সমঝোতার প্রক্রিয়া এগিয়ে নিতে গুরুতর ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার হওয়া প্রয়োজন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা একটি দল দেশ ছেড়ে যাওয়ার পরও অনুতাপের লক্ষণ দেখাচ্ছে না; বরং বিভিন্ন ধরনের সংকট তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
তথ্য উপদেষ্টার দাবি, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ড. ইউনূস কেন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, সেটিকে কেন্দ্র করেই তাকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। শুধু ড. ইউনূস নন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের আচরণের চেষ্টা হয়েছে বলে জানান তিনি।
নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অবস্থান তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার গভীর নিন্দা জানাচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একটি অপরাধী চক্র বিদেশের মাটিতে এ নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশ ও দেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা মোকাবিলা করা হবে।
মন্তব্য করুন