
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরই প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার শেষে এখন এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
তারা হলেন-বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। পরে দলীয় সিদ্ধান্তে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে মির্জা ফয়সল আমিন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন।
মির্জা ফয়সল আমিনকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে দলটি।
তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে।
মন্তব্য করুন