
গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসায় ফিরছিলেন জয়। টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা বিষয়টি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়ের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নূর আলম হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করা হবে।
মন্তব্য করুন