
ক্ষমতার স্বার্থে জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে একসঙ্গে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চলমান জ্বালানি সংকটের মধ্যেও জামায়াত তাদের লংমার্চ কর্মসূচিতে প্রায় এক লাখ লিটার তেল ব্যয় করতে যাচ্ছে।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খান।
পোস্টে তিনি বলেন, কর্মসূচি ঘোষণা করবে জামায়াত, আর সেই কর্মসূচির মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে পড়বে। তার ভাষ্য অনুযায়ী, জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে ভবিষ্যতে আলোচনার ভিত্তিতে আওয়ামী লীগ ও জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামার সম্ভাবনার বিষয়টি সামনে আসে।
রাশেদ খান আরও অভিযোগ করেন, আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যেই জামায়াত লংমার্চের ঘোষণা দিয়েছে।
তিনি বলেন, দেশের চলমান জ্বালানি সংকটের মতো জাতীয় সংকট তাদের কাছে গুরুত্ব পাচ্ছে না; তাদের মূল লক্ষ্য ক্ষমতা। জাতীয় সংকটকে কাজে লাগিয়ে জামায়াত লংমার্চে প্রায় এক লাখ লিটার তেল ব্যয় করতে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
রাশেদ খানের অভিযোগ, একদিকে দেশে জ্বালানি সংকট চলছে, অন্যদিকে সেই সংকটের মধ্যেই বড় পরিসরে লংমার্চের আয়োজন করা হচ্ছে। তার মতে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং ভবিষ্যতে জামায়াত ও আওয়ামী লীগের একযোগে মাঠে নামার পথ তৈরি করাই এর অন্যতম লক্ষ্য।
মন্তব্য করুন