
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় চালুর প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এশিয়ায় লেনদেন শুরুর পর তেলের বাজারে এই মূল্যবৃদ্ধি দেখা যায়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৬৪ ডলারে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও আধা শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ১১ ডলারে পৌঁছেছে।
এর আগে শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, তেহরান এমন একটি চুক্তিতে যেতে চাইছে, যার মাধ্যমে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। তাঁর ভাষ্য, ইরান ‘খুব বাজেভাবে হারছে’ বলেই এমন চুক্তি করতে চাইছে।
ট্রাম্প বলেন, তিনি ইরানের দেওয়া চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং বিপুল পরিমাণ তেল ওই জলপথ দিয়ে পরিবহন করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান একটি চুক্তি করতে চায় এবং তাঁর কাছেও চুক্তি করা ভালো বিষয়। তবে ইরানের দেওয়া প্রস্তাবটি গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।
ট্রাম্পের এই বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, তেহরান মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় থাকবে।
বিশ্বের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালির গুরুত্ব অনেক। সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে।
মন্তব্য করুন