
চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে আগস্টের প্রথম ২২ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ।

বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে ২১৪ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্সের স্থানীয় মুদ্রায় পরিমাণ দাঁড়ায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা।
রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট দেশে ১৭১ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। চলতি বছরের একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে গত বছরের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২৫ দশমিক ৬ শতাংশ।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার বা ১৯ দশমিক ৫ শতাংশ।
ব্যাংকাররা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বাড়া, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়ায় দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন