
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে আটক করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারের কফি হাউসে কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে বৈঠক করছিলেন আরজু। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গেলে তাদের সঙ্গে আরজু ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের বাগ্বিতণ্ডা এবং হাতাহাতি হয়।
একপর্যায়ে আরজুর সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও স্বাস্থ্যগত কারণে তিনি পালাতে পারেননি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
মোহাম্মদপুর থানা-পুলিশ জানিয়েছে, লালমাটিয়ার মীনা বাজারের সামনে থেকে আজিজুল হক আরজুকে আটক করা হয়। এ সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হন। তবে স্থানীয় সূত্রের দাবি, তাকে আটকে মারধর করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের সহযোগিতায় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, আজিজুল হক আরজু হৃদ্রোগে আক্রান্ত। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আটকের পর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
৬৯ বছর বয়সী আজিজুল হক আরজু পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্থায়ী বাড়ি পাবনার আমিনপুর থানার নাটিয়াবাড়ী এলাকায়।
মন্তব্য করুন