
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো বিমান হামলার সতর্কবার্তা জারির পরপরই বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রাজধানীসহ দেশটির বিভিন্ন এলাকায় একাধিক সতর্কবার্তা পাঠায় সৌদি সিভিল ডিফেন্স।

রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির সাংবাদিকরা। তবে বিস্ফোরণটি রাজধানীর ঠিক কোন এলাকায় ঘটেছে, কীভাবে ঘটেছে কিংবা এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
পরবর্তীতে সৌদি কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বিপদের আশঙ্কা কেটে গেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে হুতি গোষ্ঠীর হামলা বাড়ানোর পাশাপাশি সৌদি জাহাজের ওপর ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণার পর রিয়াদে এবারই প্রথম বিমান হামলার সতর্কতা জারি করা হলো।
প্রতিবেদন অনুযায়ী, রিয়াদ ছাড়াও প্রায় ৩০ মিনিটের ব্যবধানে সৌদি সিভিল ডিফেন্স দেশটির আরও সাতটি শহর ও প্রদেশে ধারাবাহিক সতর্কতা জারি করে। পরে এসব এলাকার বিপদ কেটে গেছে বলেও জানানো হয়।
যেসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল, সেগুলোর মধ্যে রয়েছে জেদ্দা, তায়েফ, ইয়ানবু, আল-উলা, খামিস মুশাইত, জাজান ও আবহা।
তবে রিয়াদে শোনা বিস্ফোরণের সঙ্গে এসব সতর্কবার্তার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
রাজধানীতে বিস্ফোরণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হলেও ঘটনাটি ঘিরে রিয়াদসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি রয়েছে।
মন্তব্য করুন