
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউজে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভায় মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পাশাপাশি সিলেটের নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
রাষ্ট্রপতির এ সফরের আয়োজনে সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফরসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে। সেই নির্দেশনার আলোকে জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নেবে। রাষ্ট্রপতির আগমন থেকে শুরু করে সফর শেষে বিদায় পর্যন্ত প্রতিটি কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি সিলেটের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত এবং যথাযথভাবে আমন্ত্রণ জানানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এ ছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন