
বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ চালানোর সময় মাটির নিচ থেকে ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে এসব গুলি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের কি না, নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বগুড়া সদর থানা থেকে লুট হওয়া গুলি—তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের আওতায় শ্রমিকেরা খননকাজ করছিলেন। একপর্যায়ে ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটিতে এক শ্রমিক ধাতব বস্তু দেখতে পান। পরে বিষয়টি তিনি অন্য শ্রমিকদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বগুড়া সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ৩৩৪টি গুলি উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ড্রেন নির্মাণের জন্য খননকাজ করার সময় শ্রমিকেরা মাটির নিচে গুলির কার্তুজগুলো দেখতে পান। পরে ঘটনাস্থল থেকে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে।
ওসি ইব্রাহীম আলী আরও বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন