
চিকিৎসাসামগ্রীর সংকট নিরসন ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়।

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আন্দোলনরত চিকিৎসকরা জানান, হাসপাতালের বিভিন্ন ভর্তি ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট রয়েছে। এ ছাড়া রোগীর স্বজনদের অবাধ যাতায়াত এবং দায়িত্ব পালনরত আনসার সদস্যদের অবহেলার কারণে তাদের প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও হুমকির মুখে পড়তে হয়।
তারা আরও জানান, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেড়েছে। সীমিত জনবল ও পর্যাপ্ত চিকিৎসাসামগ্রীর অভাবে রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের।
চিকিৎসকদের অভিযোগ, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানান, বুধবার বেলা ১১টার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও হাসপাতালের স্থায়ী চিকিৎসকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তাদের ভাষ্য, রোগীদের চিকিৎসাসেবায় কোনো বিঘ্ন ঘটেনি।
মন্তব্য করুন