নিজের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার অর্থায়ন নিয়ে প্রশ্ন ওঠার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা প্রকাশের দাবি তুলেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি যদি তার শিক্ষাগত ডিগ্রি জনসমক্ষে প্রকাশ করেন, তবে তিনিও নিজের স্কলারশিপ, শিক্ষা ঋণ এবং ডিগ্রির সব নথি প্রকাশ করবেন।
সোমবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিপকে এ মন্তব্য করেন। সম্প্রতি সুরাটের এক আরটিআই কর্মী অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দিপকের বাবা কীভাবে ছেলেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন, সে বিষয়ে তদন্ত হওয়া উচিত।
এই অভিযোগের জবাবে দিপকে জানান, তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে বৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য শিক্ষা ঋণও নিয়েছেন, যা তিনি এখনো পরিশোধ করছেন। তার দাবি, এ বিষয়ে তদন্ত করতে চাইলে তিনি তাতেও আপত্তি করবেন না।
দিপকে বলেন, “আমি আমার স্কলারশিপের চিঠি, শিক্ষা ঋণের কাগজপত্র ও ডিগ্রি দেখাতে প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদি যদি তার ডিগ্রি জনসমক্ষে প্রকাশ করেন, তাহলে আমিও আমার সব নথি প্রকাশ করব।”
তিনি আরও অভিযোগ করেন, সরকারের সমালোচনা করলেই কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে ব্যবহার করা হয়। তার ভাষ্য, “ইডি বা সিবিআই আমার বাড়িতে এসে তদন্ত করুক, আমি প্রস্তুত। তবে প্রধানমন্ত্রী যদি তদন্ত সংস্থা পাঠান, তাহলে তারও উচিত নিজের ডিগ্রি প্রকাশ করা।”
দিপকে দাবি করেন, তার শিক্ষাগত ডিগ্রি সম্পূর্ণ বৈধ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রিও বৈধ হবে।
বোস্টন ইউনিভার্সিটির কলেজ অব কমিউনিকেশন থেকে জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে চলতি বছরের জুন মাসে ভারতে ফেরেন অভিজিৎ দিপকে।
এদিকে ককরোচ জনতা পার্টিকে রাজনৈতিক দলে রূপ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে দিপকে জানান, আপাতত তাদের এমন কোনো পরিকল্পনা নেই।
মন্তব্য করুন