
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ে দলীয় প্রতিনিধি সভা চলাকালে গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। জাসদ কার্যালয়ে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাকে তিনি ‘মব সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, মিছিল, সভা ও সমাবেশ করা নাগরিকদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো সহনশীলতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা। স্বৈরাচারী সরকারের পতনের পর বর্তমানে দেশে একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করছে। আগের স্বৈরাচারী সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে নানা ট্যাগ দিয়ে তাদের সভা-সমাবেশে বাধা ও নেতাকর্মীদের গ্রেপ্তার করত। বর্তমান সরকারের কাছ থেকে জনগণ একই ধরনের আচরণ প্রত্যাশা করে না।
তিনি বলেন, জাসদ কোনো নিষিদ্ধ সংগঠন নয়। দলের কোনো সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা থাকলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। তবে হামলা বা মব সন্ত্রাসের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে জাসদ কার্যালয়ে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান বাসদের এই নেতা।
এদিকে, পৃথক এক বিবৃতিতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়েছে বাসদ।
বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। পরে তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়।
মিরপুরের টিকাদান কেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ আইন করে নিষিদ্ধ করার দাবিও জানান বাসদের এই নেতা।
মন্তব্য করুন