বগুড়া- 12-09-26
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনগণের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসবে বলে সরকার হুমকি দেয়, এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে বগুড়া সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ যখন তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে কষ্ট পাচ্ছে, তখন বিরোধী দলের পক্ষ থেকে সংকট সমাধানে টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে একটি টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি। সংসদের ভেতরে বারবার বলেও সমাধান না হওয়ায় তারা রাজপথে নেমেছেন।
তিনি বলেন, ২০২৪ সালের বিপ্লবের পর জনগণ দেশের আমূল সংস্কার চেয়েছিল। সংস্কারের লক্ষ্যে গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে রায় দিয়েছিল। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছে এবং গণভোটের রায় বাস্তবায়ন করেনি।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশের যেখানেই অসংগতি দেখা যাবে, সেখানেই তারা কথা বলবেন। বগুড়া দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। বগুড়া যেন তার ন্যায্য পাওনা পায়, সেটিই তিনি চান।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ ৫৫ বছর অতিক্রম করেছে। একটি জাতির জন্য এ সময় কম নয়। অথচ একই সময়ের ব্যবধানে মালয়েশিয়া বিশ্বে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করেছে। বাংলাদেশও সঠিক পরিকল্পনা ও সংস্কারের মাধ্যমে এগিয়ে যেতে পারে।
মন্তব্য করুন