
এভাবে রাষ্ট্র চলতে পারে না, অব্যবস্থাপনার মাধ্যমে কোনো সরকার টিকে থাকতে পারে না। নতুন করে সংগ্রামে নামতে হবে আদালতে নেওয়ার পথে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।

শনিবার আদালতে নেওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে নামার মুহূর্তে তিনি এসব কথা বলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার আখতারুজ্জামানকে এদিন আদালতে হাজির করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান বলেন, প্রবাসীদের সমস্যার সমাধান আমরা করব। এত অব্যবস্থাপনা করে কোনো সরকার টিকে থাকতে পারে না। নতুন করে সংগ্রামে নামতে হবে।
জামায়াতে ইসলামী দেশকে সঠিক পথে পরিচালনার জন্য সংগ্রাম করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়।
এ ঘটনায় আখতারুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী তার রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য করুন