
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপাতত স্থগিত করেননি চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সোমবারই চেম্বার আদালতে এ আবেদনের শুনানি হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওইদিন এ রায় দেন।
রায়ে আদালত জানান, আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে ওই অর্থ পরিশোধ করতে হবে। রিট খারিজ হয়ে যাওয়ায় আয়কর বাবদ প্রতিষ্ঠানটির কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের সুযোগ পায় এনবিআর।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন একটি হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়।
পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। ওই দাবিকে চ্যালেঞ্জ করে ড. ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠানটি ২০১৭ সালে পৃথক দুটি রিট দায়ের করে।
রিটগুলোর প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। তবে গত বৃহস্পতিবার নতুন হাইকোর্ট বেঞ্চ সেই রুল খারিজ করে দেন। এর ফলে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর হিসেবে গ্রামীণ কল্যাণের কাছ থেকে আদায়ের পথ তৈরি হয়।
মন্তব্য করুন