
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপট এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে এমন পরিস্থিতি দেখা যায়। পরে দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।
এর আগে সকাল ১১টার দিকে নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সায়েন্সল্যাব এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ।
নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব বলেন, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সে জন্য পুলিশ সেখানে অবস্থান করছে। কোনো ধরনের অঘটন যাতে না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বর্তমানে কলেজের ভেতরে রয়েছে। বাইরে থেকে কেউ যাতে কাউকে লক্ষ্য করে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সেজন্য পুলিশ শক্ত অবস্থান নিয়েছে।
ওসি জানান, সায়েন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া নিউ মার্কেট, কলাবাগান ও ধানমণ্ডি-এই তিন থানার পুলিশ সদস্যরা পৃথক পৃথক স্থানে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন