
শনিবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নতুন মন্ত্রী আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিব রহমান পার্থ। এ সময় নতুন দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)ও উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
এর আগে শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পর তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এম রশিদুজ্জামান মিল্লাতকে। এর আগে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম রিতার দফতর পরিবর্তন করে তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এর আগে এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপেন দেওয়ান। তিনি পদত্যাগের পর মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এতদিন এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্বে থাকা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন ড. খলিলুর রহমান।
এদিকে রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জনসমাগম সীমিত রাখা হয়।
সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপপ্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর সাধারণ জনগণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন