
বগুড়ার ধুনটে সড়ক পার হওয়ার সময় শিয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল বাছেদ রুবেল নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
নিহত আব্দুল বাছেদ রুবেল ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ধুনট-জোড়শিমুল সড়কের চিকাশি মফিজ মোড় এলাকায় বৈদ্যুতিক সামগ্রী মেরামতের কাজ করতেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ধুনট শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন রুবেল। পথে ধুনট-জোড়শিমুল সড়কের আনারপুর এলাকায় পৌঁছালে একটি শিয়াল রাস্তা পার হওয়ার সময় তার মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় মোটরসাইকেলটির সঙ্গে শিয়ালের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রুবেল ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত রুবেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন