
বিরোধী দলের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে কোনো ধরনের বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি নিয়ে ১১ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা। কর্মসূচিতে বাধা এলে ১১ দল তা প্রতিহত করবে।
তিনি অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি সরকার দেশের মানুষের অধিকার হরণ করছে। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
সংসদে দাবি-দাওয়া নিয়ে আলোচনা হলেও তা কার্যকর কোনো সমাধান এনে দিতে পারেনি বলে দাবি করেন মিয়া গোলাম পরওয়ার। তার ভাষ্য, সংসদে আলোচনা নিষ্ফল হওয়ায় কোনো সমাধানের পথ বের হয়নি।
এ কারণে দাবি আদায়ের জন্য বিরোধী দলকে রাজপথে কর্মসূচিতে নামতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনদাবি আদায় করেই ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ঘরে ফিরবেন।
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় জোট। এই কর্মসূচিকে সামনে রেখেই বৃহস্পতিবার জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন