
পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধার ও বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয়ে চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন তাঁরা।

পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আন্দোলনকারীরা সব পর্যায়ের পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পাশাপাশি বেলা ১১টার পর থেকে সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান তাঁরা।
পরে মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হন। সেখানে তাঁরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় গত ২৭ অক্টোবর। তাঁদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। তাই মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করতে হবে। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে মাটি পরীক্ষার কাজ চলার সময় শিক্ষার্থীরা পরীক্ষার যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসেন।
পরদিন ২৮ অক্টোবর মাঠে চলমান মেলা বন্ধের জন্য আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। এরপর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরদিন ২৯ অক্টোবর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একই দিনে জাতীয় যুবমেলাসহ মাঠে চলমান সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তবে মাঠের স্থাপনা অপসারণ না করা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে আন্দোলন আরও জোরদার হয়। এর ধারাবাহিকতায় গত ২ নভেম্বর চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মাঠটি নিজেদের দখলে নেন আন্দোলনকারীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বুধবার আবারও আগারগাঁওয়ের চীন মৈত্রী সিগন্যালে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন তাঁরা।
মন্তব্য করুন