
পদত্যাগের পর তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অপর প্রজ্ঞাপনে রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা পাবেন। একই সঙ্গে মন্ত্রীর বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও তিনি ভোগ করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জহির উদ্দিন স্বপন। নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হলে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
প্রায় ছয় মাস দায়িত্ব পালনের পর শনিবার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন।
মন্তব্য করুন