
বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতি পেতে সম্প্রতি ড্রাইভিং টেস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতার পাশাপাশি দেশের সড়ক ব্যবস্থাপনা, সড়ক শৃঙ্খলা এবং বিদ্যমান আইন ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে জাইমা রহমান এসব বিষয় তুলে ধরেন। সেখানে তিনি বলেন, দেশে ড্রাইভিং পরীক্ষা দিতে গিয়ে শুধু লাইসেন্স বা ড্রাইভিং টেস্টের বিষয়টি নিয়ে ভাবেননি। বরং সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা এবং সড়ক নিয়ন্ত্রণে গড়ে ওঠা ব্যবস্থার সঙ্গে মানুষের সম্পর্ক নিয়েও ভেবেছেন।
স্ট্যাটাসে লন্ডন ও বাংলাদেশে ড্রাইভিং টেস্ট দেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন জাইমা। একই সঙ্গে পথচারী, যাত্রী ও চালক হিসেবে সড়কে চলাচলের সময় মানুষকে যেসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেগুলোর কথাও উল্লেখ করেন তিনি।
জাইমার ভাষ্য অনুযায়ী, পথচারী হিসেবে পর্যাপ্ত ক্রসিং না থাকা অবস্থায় দ্রুতগতির সড়ক পার হওয়া, দখল হয়ে যাওয়া ফুটপাত দিয়ে হাঁটা এবং নিয়ম না মেনে চলা বাস, মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়ির ভিড়ের মধ্যে চলাচল—সবই মানুষের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়।
একই সঙ্গে যাত্রী ও চালক হিসেবে সড়কে চলাচলের সময় কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেটিও তাঁর পোস্টে উঠে এসেছে।
জাইমা রহমান মনে করেন, সড়ক নিরাপত্তাকে শুধু গাড়ি, ড্রাইভিং লাইসেন্স এবং শাস্তির বিষয় হিসেবে দেখলে হবে না। প্রতিদিন যারা সড়কে চলাচল করেন, নিরাপত্তার পরিকল্পনায় তাদেরই কেন্দ্রে রাখতে হবে।
তিনি বলেন, সত্যিকার অর্থে পরিবর্তন আনতে হলে প্রচলিত চিন্তার কাঠামো নতুন করে সাজাতে হবে। সড়ক নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা নিয়েও নতুনভাবে ভাবার প্রয়োজন রয়েছে বলে তাঁর বক্তব্যে উঠে আসে।
মন্তব্য করুন