
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ ও আহতদের স্মরণে গত শনিবার টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল স্মারক তোরণটি নির্মাণ করে। তবে একই দিন গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিলে এর নিচের অংশ আংশিক পুড়ে যায়।
এ ঘটনায় ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মো. আইয়ুব আলী।
উল্লেখ্য, গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণটি নির্মাণ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ ও আহতদের স্মরণে নির্মিত এ তোরণে গভীর রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। এতে তোরণের নিচের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
মন্তব্য করুন