
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটিও জব্দ করা হয়।

নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুরের বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে বিরোধ ও মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাতে তরিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভোররাতে বাড়ির ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাঁরা অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়াল জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন