
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ২৮০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডিসি হারুন অর রশীদ বলেন, পুলিশের কাছে তথ্য ছিল-জাসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা একত্র হয়ে নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহযোগিতা করেছে।
আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী ধরনের তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন-এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।
ডিসি হারুন বলেন, জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এর বাইরে তারা আর কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কী কারণে সেখানে একত্রিত হয়েছিলেন, তা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তা এবং পুরো ঘটনার বিষয়ে যাচাই-বাছাইয়ের জন্যই থানায় নেওয়া হচ্ছে।
ডিসি হারুন বলেন, যাচাই-বাছাই শেষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা বা আইনানুগ প্রক্রিয়া নেওয়া হবে। আর কারও সম্পৃক্ততা পাওয়া না গেলে তার ক্ষেত্রে আইন অনুযায়ী অন্য যে প্রক্রিয়া রয়েছে, সেটি অনুসরণ করা হবে।
এর আগে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন-এমন খবরের পর ভবনটি ঘেরাও করেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় জাসদ কার্যালয়ের বাইরে তারা বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন