
সিরাজগঞ্জ শহরের একটি মানববন্ধনে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মিন্টু শেখকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

এদিকে ভিডিওটি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মানহানি করা হয়েছে-এমন অভিযোগ তুলে সিরাজগঞ্জের দুই সাংবাদিক সোহান শেখ ও ইউসুফ উজ্জামানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মিন্টু শেখ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জেলা বিএনপির পক্ষ থেকে মিন্টু শেখকে শোকজ করা হয়। জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত নোটিশে আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার একটি মানববন্ধনে বক্তব্য দেওয়ার পর মিন্টু শেখ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
দলীয় দায়িত্বশীল পদে থাকা অবস্থায় এ ধরনের স্লোগান দেওয়ার ঘটনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করে নোটিশে জানতে চাওয়া হয়েছে, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু শোকজের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দলের নজরে আসে। এ কারণেই মিন্টু শেখকে শোকজ করা হয়েছে। এখন তিনি এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেবেন।
শোকজ পাওয়ার পর মিন্টু শেখ সিরাজগঞ্জের দুই সাংবাদিক সোহান শেখ ও ইউসুফ উজ্জামানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি দাবি করেন, মানববন্ধনের ভিডিওটি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন